সর্বশেষ

জামায়াতের ইসলামকে সমর্থন করে না দেশের ইসলামী দলগুলো : সরওয়ার আলমগীর

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশের ইসলামী দলগুলো জামায়াতের ইসলামকে সমর্থন করে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদকে বৈধতা দেওয়ার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলাম নির্বাচনে অংশ নেয়। আবার ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামী লীগ-জামায়াত মিলে গণতান্ত্রিক সরকার উৎখাতের ষড়যন্ত্র চালায়। ইতিহাসই প্রমাণ করে, জামায়াত কখনো গণতন্ত্র চায়নি, বরং সবসময় ষড়যন্ত্র করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আবারও সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যথাসময়ে ভোটের মাধ্যমে জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে।

সরওয়ার আলমগীর বলেন, দেড়যুগের আন্দোলন-সংগ্রামের ফসল চব্বিশের গণঅভ্যুত্থান। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরও বলেন, বিএনপিতে বর্তমানে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। এ সময়ে যেন কোনোভাবেই ফ্যাসিস্টদের দোসর অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নাজিরহাট পৌরসভায় জেলা পরিষদ মার্কেট চত্বরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় নাজিরহাট পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরী সভাপতিত্ব করেন এবং বিএনপি নেতা হাসানুল কবির সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, খালেদ মাহমুদ বাবুল, এস এম সফিউল আলম, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, মো. শহীদুল্লাহ্, মো. বেলাল, মহিলা নেত্রী শিউলী আকতারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা