তিন দফা দাবি আদায়ে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন করেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ সময় বক্তারা ৩ দফা দাবি বাস্তবায়ন না হলে জাতীয়করণের এক দফা দাবিতে চলে যাওয়ার হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে চৌমুহনী চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ পেকুয়া উপজেলা শাখার আহবায়ক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এই হুশিঁয়ারী দেন।
বক্তারা আরো বলেন, এ সরকারে আমাদের তিনজন শিক্ষক রয়েছে অথচ তারা আমাদের দুঃখ দুর্দশা বুজতেছেন না। আমরা আমাদের ন্যায্য দাবি জানাচ্ছি, কেননা বেসরকারি শিক্ষক সমাজ আজ চরম অবহেলিত। ঢাকায় আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে। আমাদের আর পেছনে যাওয়ার জায়গা নেই। অবিলম্বে আমাদের দাবি মেনে নেয়া হোক।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড.মোহাম্মদ জাকির হোছেন হাওলাদার, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, বারবাকিয়া ইসলামিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমতিয়াজ, রাজাখালী বিইউআই কামিল মাষ্ট্রার্স মাদ্রাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া বিএমআই কলেজের শিক্ষক জামাল সাকিব, উজানটিয়া এ এস সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা কাজেমসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা সবাই দ্রুত শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেয়ার জোর দাবি জানান। এদিকে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে ৩ দফা দাবি আদায়ে কর্ম বিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। আজ ৫ম দিনে তারা মানববন্ধন করে এক দফার হুশিঁয়ারী দেন। মানববন্ধনে উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।


