চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
শনিবার (২৩ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, সঞ্চালনশীল মেঘমালা বলতে এমন মেঘগুচ্ছকে বোঝায় যা বাতাসের সঙ্গে সক্রিয়ভাবে চলাচল করে এবং বজ্রঝড়, দমকা হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করে। এটি অনেক সময় সাগরে নিম্নচাপেরও ইঙ্গিত দেয়, ফলে সামুদ্রিক অঞ্চলে ঝুঁকি বাড়ে।


