নিউজ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনায় বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, ওই ঘটনায় আসল অপরাধী আওয়ামী লীগের এক নেতা, কিন্তু দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর।
রবিবার (২৯ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “মুরাদনগরে যে জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে, সেটি করেছে আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা। অথচ সেই দায় বিএনপির ওপর চাপিয়ে দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করার চেষ্টা চলছে।”
তিনি বলেন, “একটি হিন্দু পরিবারের ওপর যে অপরাধটি করা হয়েছে, তা এতটাই ভয়াবহ যে মুখে বলা কঠিন। শেখ হাসিনা পালিয়ে থাকলেও তার দোসররা এখনো সক্রিয়ভাবে অপকর্ম করে চলেছে।”
রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণেই এমন অপরাধ ঘটছে। তিনি দ্রুত তদন্ত ও দৃশ্যমান বিচার দাবি করেন।
এসময় রিজভী আরও বলেন, “আওয়ামী লীগ বিপুল অর্থ খরচ করে গণতন্ত্রপন্থী দলগুলোর ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা বিভিন্ন স্থানে থেকে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। মুরাদনগরের ঘটনাও সেই ষড়যন্ত্রেরই অংশ।”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “দোষীদের রাজনৈতিক পরিচয় গোপন না করে তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণের ক্ষোভ আরও বাড়বে।” সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।


