সড়ক দুর্ঘটনায় হাটহাজারী জেলা পরিষদ মার্কেটের দোকানদার মাওলানা সোহেল চৌধুরী (৫০)’র মৃত্যু হয়েছে। তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। নিহত সোহেল চৌধুরীর স্থায়ী নিবাস সন্দ্বীপ উপজেলায়। তিনি প্রায় ২যুগ ধরে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেট এলাকায় সপরিবারে বসবাস করতেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে তিনি রাউজান থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক হয়ে মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী আসার পথে রাউজান উপজেলাধীন নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পৌঁছলে পেছন দিক হতে একটি বেপরোয়া গতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি দূরে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসচালক জানে আলম (৪০) কে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে সোহেল চৌধুরীর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির। প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, তাকে হত্যা করা হয়েছে। এজন্য দায়ী ঘাতক বাস চালক এবং এর অদ্যোপান্ত কি হতে পারে তা খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।


