নিউজ ডেস্ক : ঢাকায় চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি পূর্ণাঙ্গ কার্যালয়। প্রাথমিকভাবে তিন বছরের জন্য স্থাপন হতে যাওয়া এই কার্যালয় মানবাধিকার রক্ষায় একটি স্বাধীন ও জবাবদিহিমূলক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সাম্প্রতিক সফর এবং দীর্ঘ আলোচনার ফলেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের এক বৈঠকে নীতিগতভাবে কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। চূড়ান্ত খসড়া জাতিসংঘ হাইকমিশনারের কাছে পাঠানো হবে, যার ভিত্তিতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর অফিসটি চালু হবে।
ড. নজরুল বলেন, “এটি রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি একটি শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণ, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরিতে এই কার্যালয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
কার্যালয়ের কার্যক্রমের আওতায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং বাংলাদেশ সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করবে জাতিসংঘের এই ইউনিট।
প্রসঙ্গত, এই কার্যালয়ের মেয়াদ তিন বছর হলেও পরবর্তীতে পারস্পরিক সম্মতিতে এটি নবায়নযোগ্য হবে বলে জানানো হয়।


