ছাত্রজনতার গণঅভ্যুত্থানের জুলাই-আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী মঙ্গলবার (৫ আগস্ট) এক বিশাল গণমিছিল ও সমাবেশের আয়োজন করে। বিকেলে জেলা শহরের আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাচুর মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। তিনি তার বক্তব্যে পিআর (প্রতিনিধিত্বমূলক) ভোট পদ্ধতির দাবী জানান এবং বলেন, “জয়পুরহাটের দুটি আসন দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করুন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা আমীর মুনসুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম ও সাবেক ছাত্র নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
গণমিছিল শুরুর আগে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং শহরের সকল ওয়ার্ড থেকে ব্যানারসহ মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।


