চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের আবুল কাশেমের বাড়িতে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহিত ভিডিওতে দেখা যায়, দুটি মোটরসাইকেল নিয়ে ছয়জন অজ্ঞাতনামা যুবক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ির গেইটে থামে। তারা নেমে চারজন বাড়ির বাউন্ডারির ভেতরে প্রবেশ করে পিস্তল বের করে বাড়ীর দেয়াল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে।
জানা যায়, এসময় ঘর তালাবদ্ধ ছিল এবং ওই বাড়িতে কোন লোকজন ছিল না। বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বারান্দার গ্লাস দুটিতে গুলির চিহ্ন রয়েছে এবং বিল্ডিংয়ের নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উত্তর মেখল গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বিভিন্ন সূত্র জানায়, কয়েকমাস ধরে একটি মহল তার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবী করছিলো। তিনি এসবে কর্ণপাত করেননি। তবে ব্যবসায়ী জাহাঙ্গীর ফোন রিসিভ না করায় বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে তারা থানায় এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো”
এ ব্যাপারে জানতে ওই ভবনের মালিক মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি। হাটহাজারী মডেল থানার ওসি বলেন, চাঁদাবাজির বিষয়টি আমরা শুনেছি, গুলি বর্ষনসহ সার্বিক বিষয়টি নিয়ে উর্ধতন স্যারদের নির্দেশনা মতো আমরা কাজ করছি।


