প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য; চাকরি করার জন্য নয়। তিনি বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়তে হবে যেখানে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনূস আরও বলেন, “চাকরির পেছনে ছুটলে সমাজে সীমিত সুযোগ তৈরি হয়। অথচ উদ্যোক্তা হলে প্রত্যেকের জন্য সম্ভাবনার দরজা খোলে। এজন্য রাষ্ট্র ও সমাজকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তরুণরা উদ্যোক্তা হতে উৎসাহিত হয়।”
তিনি মনে করেন, প্রযুক্তি, উদ্ভাবন এবং ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হতে পারে। একইসঙ্গে কর্মসংস্থান তৈরির জন্য উদ্যোক্তাদের সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এদিন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


