আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের গুদামে ইতোমধ্যে বিভিন্ন সামগ্রী পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরু থেকেই ধাপে ধাপে সরঞ্জাম সরবরাহ চলছে। গত বৃহস্পতিবার ও রোববার একাধিক চালান পৌঁছেছে। সোমবারও নতুন কিছু সামগ্রী গুদামে সংরক্ষণ করা হয়েছে।
ইসির উপসচিব রাশেদুল ইসলাম জানান, সরবরাহ হওয়া নির্বাচনী সামগ্রীর মধ্যে রয়েছে লাল গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় ও ছোট হেসিয়ান ব্যাগ। এর মধ্যে বড় হেসিয়ান ব্যাগের ৭০ হাজার ও ছোট ব্যাগের এক লাখ ১৫ হাজারের পুরো চাহিদা ইতোমধ্যেই মেটানো হয়েছে।
সরঞ্জাম সরবরাহের অগ্রগতির তথ্য অনুযায়ী, লাল গালার ২৩ হাজার কেজির এক-চতুর্থাংশ পৌঁছেছে। ৫০ লাখ ব্যালট বাক্স লকের মধ্যে সরবরাহ হয়েছে পাঁচ লাখ। ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে সেপ্টেম্বরের শুরুতেই এসেছে পাঁচ লাখ। ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের বিপরীতে সরবরাহ হয়েছে দেড় লাখ। তবে ব্রাস সিল ও গানি ব্যাগ পুনঃদরপত্র (রিটেন্ডার) হওয়ায় এ দুই সামগ্রী এখনো সরবরাহ শুরু হয়নি। প্রতিটির চাহিদা রয়েছে এক লাখ ১৫ হাজার করে।
আগস্টের শুরুতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সম্পন্ন হবে। লোকাল পারচেজ প্রকিউরমেন্টের আটটি আইটেমের মধ্যে একটি পুনরায় টেন্ডার দিতে হলেও সময়মতো সব সরঞ্জাম পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।
ভোটের প্রস্তুতির অংশ হিসেবে ইসি থেকে অধিকাংশ সরঞ্জাম সরবরাহ করা হলেও কিছু উপকরণ স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তাদের সংগ্রহ করতে হয়। ভোটকেন্দ্র ও বুথে ব্যবহারের জন্য সুঁই-সুতা, দিয়াশলাই, আঠা, কলম থেকে শুরু করে প্লাস্টিকের পাতসহ মোট ২১ ধরনের উপকরণ স্থানীয়ভাবে সংগ্রহের তালিকায় রয়েছে।
আসনভিত্তিক ভোটার তালিকা ও কেন্দ্র চূড়ান্ত হওয়ার পর এসব সামগ্রী আঞ্চলিক, জেলা ও উপজেলা কার্যালয়ে পাঠানো হবে। ব্যালট পেপারসহ অন্যান্য সংবেদনশীল উপকরণ নিরাপত্তার মধ্যে থেকে ভোটের আগে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।


