সর্বশেষ

ফটিকছড়িতে সওজের জায়গা দখল করে ভবন নির্মাণ, কাজ বন্ধে নোটিশ

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণ কাজ বন্ধে নোটিশ দিয়েছেন ফটিকছড়ি সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অনুপম শর্মা।

তিনি জানান, বিষয়টি জানার পর প্রথমে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করতে বলা হয়। কিন্তু পুনরায় কাজ শুরু করলে এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নোটিশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় পাঠানো হয়েছে। তিনি বলেন, “যদি বৈধ কাগজপত্র থাকে তাহলে তা দেখাতে হবে, আর না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে এ.কে. আজাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবুল হাশেম স্বীকার করেন যে তারা সওজের নোটিশ পেয়েছেন। তিনি বলেন, “নোটিশের জবাব দেওয়া হবে। জায়গাটি মাদ্রাসার জন্য একজন ব্যক্তি ক্রয় করেছিলেন। সড়কের জায়গা বাদ দিয়েই ভবন নির্মাণ করা হচ্ছে। পানি নিষ্কাশনের সমস্যা নেই, আমরা ড্রেনেজ ব্যবস্থা রেখেছি।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সওজের জায়গায় যদি ভবন নির্মিত হয়, তাহলে সওজ কর্তৃপক্ষকেই ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আমরা সহযোগিতা করবো।”

স্থানীয় সূত্র জানায়, পেলাগাজি দিঘী-বারৈয়ারঢালা সড়কের পাইন্দং ফরেস্টার দোকান সংলগ্ন দক্ষিণ পাশে এ.কে. আজাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার নামে ভবনটি নির্মাণ করছেন স্থানীয় স্পেন প্রবাসী আবুল কালাম আজাদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জায়গাটির চারপাশে টিন দিয়ে ঘেরা হয়েছে এবং ভেতরে শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় ৫০ ফুট রাস্তা দখল করে পাকা ভীম তৈরি করা হয়েছে। এছাড়া ভবনটির দেয়াল সৃষ্টির মাধ্যমে সড়কের একমাত্র বক্স কালভার্ট সংকুচিত হওয়ায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে দালান নির্মাণের কারণে বর্ষায় বিশাল এলাকা জলাবদ্ধতায় ভুগবে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা