কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি : পৌরসভার ভুয়া/জাল নাগরিক সনদপত্র তৈরির অপরাধে হাটহাজারীতে এক কম্পিউটার দোকানিকে জেল দেয়া হয়েছে। হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ার মেখল রোড সংলগ্ন তৈয়ব কম্পিউটার নামক দোকানের মালিক মোঃ তৈয়ব উদ্দিনকে দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন।
ডেইলি ক্যাপিটাল ভিউজকে তিনি বলেন, বিভিন্ন সূত্রে আমরা জাল সনদ তৈরি চেষ্টার খবর পাচ্ছিলাম। হাতেনাতে ধরে আজ এই ব্যবস্থা নেয়া হলো। এসব বিষয়ে আরো কঠোর থাকবে পৌরসভা কর্তৃপক্ষ এমনটিই জানিয়েছেন হাটহাজারী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী। হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযানকালে সহযোগিতায় ছিলেন।


