বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি একটি সমন্বয়ের রাজনীতি বিশ্বাসী দল। “আমরা ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও সংস্কৃতির সব মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি করি। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। দেশে নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এ প্রক্রিয়ায় ষড়যন্ত্রমূলক তৎপরতা দৃশ্যমান হলেও জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।” গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণ আরও সংকল্পবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ।
পিআর (Proportional Representation) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, এ ব্যবস্থা দেশে অস্থিতিশীলতা তৈরি করবে। “পিআর পদ্ধতিতে কখনো স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয় না, সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকে। জনগণও এ ব্যবস্থার বিপক্ষে। একটি জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।”এ সময় তিনি ব্যঙ্গ করে বলেন, “আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন যেটা এখন সবাই করছে। সেই পিআর-এ আমরা বিশ্বাসী।”
দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভাজন নয়, সমন্বয়ই আমাদের রাজনীতির মূল দর্শন।”


