কাজী আয়েশা ফারজানা,বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে এবালন ফ্যাশন লিমিটেড নামীয় একটি জ্যাকেট তৈরির কারখানার ভবনের ৪র্থ তলায় ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভুত হয়েছে কাপড়ের গোডাউন। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার বিকেল ৫ টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট শিল্প এলাকার বাদামতলে এবালন কারখানার ভবনের ৪র্থ তলায় রাখা কাপড়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় কারখানা ভবন থেকে বের হয়ে আসা শ্রমিক ও উৎসুক জনতা ভীড় জমায় সড়কে। খবর পেয়ে শ্রমিকদের খোঁজ নিতে আত্মীয় স্বজনরাও আসতে থাকেন কারখানার সামনে। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আধঘন্টা পর রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত হয়ে সড়ক থেকে জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এবালন ফ্যাশন লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর তপন সরকার বলেন, কারখানার নিচতলায় মূল গোডাউনে আমদানি করা কাপড় ও তৈরি পোশাক জায়গা না হলে ৪র্থ তলায় রাখা হয়। প্রতি সপ্তাহে তৈরি পোশাক শিপমেন্ট ডেলিভারি দেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি রবিবার তৈরি পোশাক ডেলিভারি দেওয়ার কথা ছিলো।
কারখানায় নিয়োজিত কোয়ালিটি সুপার ভাইজার মোঃ ইব্রাহিম বলেন, বিকেলে আসরের নামাজ আদায় করার পর পোড়া গন্ধ ও কালো ধোঁয়া দেখতে পেয়ে ভবনের ৩য় তলা এবং ২য় তলা থেকে আমরাসহ সকল শ্রমিক নেমে যায়। ওপরে আর কেউই ছিলেন না।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ বলেন, খবর পেয়ে বোয়ালখালী, কালুরঘাট মোহরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফলে কারখানা ভবনের ৪র্থ তলায় থাকা কাপড়ে লাগা আগুন ছড়াতে পারেনি। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রতিটি ফ্লোর সার্চ করা হয়েছে। আগুনে কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত নির্ণয়ে কাজ চলছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।


