কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির মধ্যে ব্যাপক গোলাগুলির হয়েছে। এতে ওপার থেকে ছোড়া গুলি এসে পড়েছে এপারের হোয়াইক্যং সীমান্তের তেচ্ছিব্রিজ এলাকার এক বসত ঘরে। এ ঘটনায় স্থানীয় ছেনুয়ারা বেগম (৩৫) নামে একজন নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে আরও একটি তাজাগুলি উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার বিকাল ৩ টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিব্রিজ নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী। স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ জানান, শনিবার বিকেলের দিকে হঠাৎ করে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সীমান্তে ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে ব্যাপক গোলাগুলির বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে একটি গুলি আকস্মিক এসে তার কম্পিউটার দোকানের ছালের টিন ছিদ্র হয়ে নিচে পড়েছে। তখন তারা সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনায় আহত ছেনুয়ারা বেগম জানান, শনিবার বিকেলে তিনি বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ করে তার পায়ে এসে একটি গুলি লাগে। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে স্বজনরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী জানান, বিকালে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মেইন সড়কের পাশে তিনি দোকানে বসে কাজ করছিলেন। এসময় সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে মুহুর্মুহু গোলাগুলির শব্দ ভেসে আসছিল। পরে জানতে পারেন স্থানীয় মোস্তাক আহমেদের কম্পিউটার দোকানের টিন ছিদ্র করে একটি গুলি এসে পড়ে। আরেকটা গুলি একই গ্রামের ছেনুয়ারা বেগমের পায়ে লেগেছে। কম্পিউটার দোকানের তাজা গুলিটি স্থানীয়রা উদ্ধার করেছেন।
ঘটনার ব্যাপারে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, শনিবার বিকেলের তেচ্ছিব্রিজ এলাকায় ওপারে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দের খবর পাওয়া যায়। এতে তেচ্ছিব্রিজ এলাকার ছেনুয়ারা বেগম নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেছে বলে শুনেছেন।
প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। ঘটনার ব্যাপারে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, মিয়ানমার সীমান্তের ওইপার থেকে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় গুলি এসে পড়েছে বলে লোকজনের কাছ থেকে শুনেছি। একটি গুলি পড়ে একজন নারী গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবরও তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


