সাগর-রুনি হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)।শনিবার (১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম আর মাহবুব, যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজানসহ সিনিয়র সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাগর-রুনি হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘদিনেও সম্পন্ন হয়নি, যা সাংবাদিক সমাজের প্রতি অবিচার। তারা দ্রুত বিচার দাবি করেন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা হুমকির মুখে পড়বে।


