দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন শুরু করেছে। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকর্মীদের ব্রিফিং দিচ্ছেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির অবস্থান ও দিকনির্দেশনা তুলে ধরবেন।
রোববার (২ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়। এ সময় নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করবেন।
এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ অবস্থান ও নীতি-নির্ধারণমূলক দিকনির্দেশনা জনগণের সামনে তুলে ধরবে।
জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করার জন্য এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।


