সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনে বড় রদবদল শুরু

ডিসিভি নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ ও রদবদলের জন্য ফিটলিস্ট প্রণয়নের কাজ চলছে। এবারে ২৯তম বিসিএসের কর্মকর্তারা বিশেষ গুরুত্ব পাচ্ছেন।

সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জেলা প্রশাসক পদে রদবদল সম্পন্ন করতে ইতিমধ্যেই যোগ্য কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে মোট ৪০ কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার ও শনিবারও কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং আজ আরও ১৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে।

সাক্ষাৎকার নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব এসএম ফেরদৌস ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোঃ জাহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী মাহ্বুব, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এক্সিকিউটিভ সাজিয়া আফরীন, পরিকল্পনা বিভাগের উপপ্রধান মোছাঃ নাসরীন পারভীনসহ আরও অনেকে।

গত ১৫ অক্টোবর ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক ফেনীর ডিসি পদে নিয়োগ পান। এছাড়া বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সোলায়মান চাঁপাইনবাবগঞ্জের, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিস মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চাইলে প্রশাসনের মধ্যে রদবদল আনতে পারে। তাই মন্ত্রণালয় আগেভাগে নতুন ডিসি পদায়ন প্রক্রিয়া হাতে নিয়েছে। অতীত নির্বাচনে মাঠ প্রশাসনে দায়িত্বে থাকা ডিসিদের কর্মকাণ্ড বিতর্কিত হওয়ায় অন্তর্বর্তী সরকার নতুন ও যোগ্য কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাঠ প্রশাসনে এমন কাউকে দায়িত্ব দেওয়া হবে না যিনি গত তিন নির্বাচনে দায়িত্বে ছিলেন। পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, কর্মদক্ষতা, শারীরিক সক্ষমতা, গণমাধ্যমে অনিয়মের প্রতিবেদনসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে। সবচেয়ে যোগ্য কর্মকর্তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব দেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভোট প্রক্রিয়ায় নয়, মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের দায়িত্ব অনেক। তাই জেলা প্রশাসক পদে নতুন ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন নির্বাচন প্রস্তুতির অন্যতম প্রধান অংশ হিসেবে দেখা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা