আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছে শাপলা কলি প্রতীক পাওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “নির্বাচন কমিশন আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই তিনটি দলকে নিবন্ধনের অনুমোদন দিয়েছে। আগামীকাল (৫ নভেম্বর) থেকেই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গণবিজ্ঞপ্তির পর কারও কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।”
ইসি সচিব আরও জানান, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির নিবন্ধন বিষয়টি বর্তমানে হাইকোর্টের বিচারাধীন রয়েছে। আদালতের রায় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন নিবন্ধিত দলগুলোর অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রতিযোগিতা আরও বিস্তৃত হবে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে উঠেছে এবং তাদের শাপলা কলি প্রতীককে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল পর্যায়ে কাজ জোরদার করেছে।
উল্লেখ্য, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩টি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধিত দলগুলোই জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে পারবে।


