সর্বশেষ

রাউজানে বিয়ের এক মাসের মাথায় তড়িতাহত হয়ে নববিবাহিত যুবকের মৃত্যু

গাজী জয়নাল আবেদীন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে বিয়ের মাত্র এক মাসের মাথায় তড়িতাহত হয়ে প্রাণ হারিয়েছেন নববিবাহিত যুবক মোঃ এহসান উল্লাহ (২৪)। রোববার (৯ নভেম্বর) দুপুরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা গ্রামের শরীফ বাড়ির মিঠা পুকুর পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত এহসান উল্লাহ ওই এলাকার ব্যবসায়ী লোকমান হাকিমের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফকিরহাট এলাকায় ‘রাউজান সু’ নামের পারিবারিক ব্যবসা পরিচালনা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে পারিবারিক প্রয়োজনে বাড়ির সামনে সড়কের পাশে বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকা একটি বাঁশ কাটতে যান এহসান। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অনুসেন দাশগুপ্ত বলেন, “তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তড়িতাহত হয়ে মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” স্থানীয় সাবেক কাউন্সিলর এস. এম. রেজাউল রহিম আজম জানান, “এহসান খুবই ভদ্র ও পরিশ্রমী তরুণ ছিলেন। বিয়ের আনন্দ এখন শোকে পরিণত হয়েছে। এমন মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, এহসান উল্লাহ দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। গত ১০ অক্টোবর তিনি মাহিয়া আক্তার চৌধুরী নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরদিন ১১ অক্টোবর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় তার অলিমা অনুষ্ঠান।

বিয়ের এক মাসের মাথায় এমন অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান পরিবার। যে ঘরে কিছুদিন আগেও হাসি-আনন্দে মুখর পরিবেশ ছিল, সেখানে এখন নেমে এসেছে নীরবতা ও অশ্রু। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা তার বিয়ের ছবিগুলো ব্যবহার করে জানাচ্ছেন শোক ও শ্রদ্ধা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা