সর্বশেষ

দুই দিনে অজ্ঞাত এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার!

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতনামা তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য এক নারী ও দুই পুরুষের লাশ রয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনিয়াপুকুর পাড়ের পশ্চিমে মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচে ডোবা থেকে আনুমানিক ৬২ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার উপজেলার শিকারপুর ইউনিয়ন মদুনাঘাট এলাকায় আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া যায়। একই দিন সকালে হাটহাজারী পৌরসভার পশ্চিম আলমপুর গ্রামে পুকুরের পাড়ে আনুমানিক ৫৫ বছর বয়সী আরেক পুরুষের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা লাশ দেখে ৯৯৯-এ ফোন দেন। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এখনো একটিরও কোনো পরিচয় মেলেনি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গতকাল ও আজ দুই দিনে হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা