কক্সবাজারের টেকনাফে অপহৃত কলেজ ছাত্র হাসান শরীফ ওরফে তাহসিনকে উদ্ধার করেছে র্যাব। বুধবার র্যাব-১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
আ.ম. ফারুক বলেন- গত ৯ই নভেম্বর টেকনাফ সরকারী ডিগ্রী কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান শরীফ ওরফে তাহসিনকে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৪-৫জন অপহরণকারী তুলে নিয়ে যায়৷
অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমের মায়ের নাম্বারে নানা সময়ে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া থেকে কলেজ ছাত্র হাসান শরীফ তাহসীনকে উদ্ধার করা হয়।
এ সময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।


