বরিশাল : সারাদেশে আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন মহানগর জামায়াতে ইসলামী। মহানগর জামায়াতের অমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
১২ টায় সদর রোডে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা স্লোগানে স্লোগানে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারি জানান।
এছাড়া নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছি।
সকাল থেকে সড়কে তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিকভাবে লেনদেন চলছে।
অপদিকে যেকোনো নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


