বরিশাল : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অধীনে ১৪ নভেম্বর নগরীর ১০নং ওয়ার্ডস্থ কাঁচাবাজার এলাকায় ছাত্রদল নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানার আওতায় অভিযুক্ত আসামী ১০নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মাসুদ হাওলাদার মাসুমকে (৩৫) গ্রেফতার করতে অভিযান চালায় পুুলিশ। এসময় মাসুমের সঙ্গীরা পুলিশের ওপর চড়াও হয়ে মারমুখি আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা জনতাবদ্ধ হয়ে পুলিশকে আক্রমণ করতে শুরু করে।
এই হামলায় স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন এবং এএসআই বোরহান উদ্দিন গুরুতর আহত হন।
খবর পেয়ে অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং চারজনকে আটক করেন। তবে মাসুম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আটকৃতরা হলেন- মোঃ রাইজুল ইসলাম রিফাত (২৮), মোঃ সোহেল হাওলাদার (৩০), মোসাঃ শিল্পী বেগম (৪০), নাসরিন জাহান রিমি (২৫)।
পুলিশ জানিয়েছে, চিকিৎসা নেয়ার পরে আহত অফিসারদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছে, পুলিশের কাজে বাধা প্রদান এবং আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে এবং পুলিশ অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।


