বরিশাল : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল (সোমবার) ট্রাইব্যুনালে হাসিনার মামলায় যে রায় হোক, তা কার্যকর হবে।
রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও দু’জনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা করা হবে। এ রায়কে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব বাহিনী প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।


