সর্বশেষ

পিআর বাস্তবায়নে অঙ্গীকার, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের ঘোষণা জামায়াত আমিরের

ডিসিভি নিউজ ডেস্ক:

ফেব্রুয়ারির নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নেই সেটা আমাদেরই তৈরি করতে হবে। নির্বাচন অবশ্যই হতে হবে, নইলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট সৃষ্টি হতে দেব না।”

শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে নগরীর চকবাজার প্যারেড মাঠে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি পুনরায় তুলে ধরে তিনি বলেন, “পিআর বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। আমরা ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়নের অঙ্গীকার করছি।”

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন এখন সম্ভব নয়, তাই দল অবাস্তব কোনো দাবি উত্থাপন করবে না। নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠান নিয়ে তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, “নির্বাচনের দিন গণভোট চাই না। গণভোট হলে জেনোসাইডের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”

দিনব্যাপী কর্মসূচি হিসেবে জামায়াতের আমির আকবর শাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনেও বক্তব্য দেবেন। রাত ১০টার দিকে বিমানে করে চট্টগ্রাম ত্যাগের কথা রয়েছে তার।

দেশের অর্থনীতি, শিক্ষা ও শিল্প খাতের দুরাবস্থার জন্য নেতৃত্ব সংকটকে দায়ী করে ডা. শফিকুর রহমান বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে আমাদের বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু জনগণ সেই উন্নয়নের সুফল পায়নি। সম্পদ লুণ্ঠন করেছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী। শিল্পায়ন হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, উৎপাদন চাহিদার তুলনায় কম সবকিছুর কারণ বিচক্ষণ ও সৎ নেতৃত্বের অভাব।”

২০২৪-কে জাতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ উল্লেখ করে তিনি বলেন, “এই সুযোগ আর হারাতে চাই না। আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে। কোনো দল বা পরিবারের কাছে এ দেশের রাজনীতি ইজারা দিতে চাই না। দেশের মালিক জনগণ আমরা জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের ইতিবাচক এজেন্ডাই বেশি জাতির জন্য কী করব, এটাই ভাবি। কারও খোঁচায় সাড়া দেওয়ার সময় আমাদের নেই।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা