কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে কক্সবাজারে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে মাশরুমকে পুষ্টিমান খাদ্য হিসেবে জনপ্রিয় ও সহজলভ্য করে তোলা এবং মাশরুমের চাষ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়নের লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এতে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ প্রকল্পের পরিচালক ড. আখতার জাহান কাঁকন, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক ড,বিমল কুমার প্রামাণিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, মাশরুম অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণ সম্পন্ন খাবার, যা পুষ্টিহীনতা ও দারিদ্র্য কমাতে সাহায্য করে। তাই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও পুষ্টি সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, হর্টিকালচার কর্মকর্তাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,রেস্টুরেন্ট,সুপারসপ,মাশরুম উদ্যোক্তাসহ দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এছাড়া কর্মশালায় উদ্যোক্তারা মাশরুম চাষে তাদের, অনুভূতি সফলতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে বক্তব্য রাখেন।


