কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব ) মোহাম্মদ মিনহাজুর রহমান।
গতকাল কেন্দ্রের নিবাসী শিশুদের আবাসন, ডাইনিং, প্রশিক্ষণ কক্ষ, শিশুদের তৈরিকৃত হরেক রকম পিঠাপুলিতে সজ্জিত স্টলসহ বিভিন্ন ধরনের সেবাকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরে শিশুদের তৈরিকৃত ‘আলোর পথযাত্রী’ দেয়ালিকার বাইশতম সংখ্যা উম্মোচন করেন পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান (উপসচিব)।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপসচিব কেন্দ্রের নিবাসী শিশুদের উদ্দেশ্যে বলেন, দেশপ্রেম এবং নৈতিক চেতনায় জাগ্রত হয়ে সামনের দিকে এগোতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার।
সভা শেষে নিবাসী শিশুদের অংশগ্রহণে উশু ডেমো প্রদর্শনী ও
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল আউয়াল,লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমাসহ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।


