সর্বশেষ

ভোররাতে বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৫ জানুয়ারি) ভোররাতে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সরল ইউনিয়নের বাসিন্দা এমদাদুল্লাহ (৪১) ও জয়নাল আবেদীন (২৬)। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত একাধিক সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলার রেকর্ড (হিস্ট্রি শিট) রয়েছে এবং তাঁরা পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

সূত্র আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, চিহ্নিত অপরাধীরা নতুন বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে রবিবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে দুটি ওয়ান শুটার, তিন রাউন্ড তাজা গুলি, সাত রাউন্ড খালি কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘সরল ইউনিয়নের নতুন বাজার এলাকা সম্প্রতি অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত হওয়ায় আমরা সেখানে বিশেষ নজরদারি জোরদার করেছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্রসহ দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা