সর্বশেষ

ভোট কারচুপির আশঙ্কা, মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ১১ দলীয় জোটের

ডিসিভি নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ভোট কারচুপির উদ্দেশ্যেই ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “আজকের মধ্যেই এই বিধি বাতিল না করা হলে কাল থেকেই জামায়াতসহ ১১ দল মাঠে নামবে। স্বৈরাচারের দোসররা অতীতে ক্ষমা পেলেও এবার আর পার পাবে না।”

তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের পাঁয়তারা করছে এবং প্রশাসনের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর রয়েছে। জনগণের রায় উপেক্ষা করে যদি কোনো কারচুপির চেষ্টা করা হয়, তাহলে দেশে আবারও ‘জুলাই’ নেমে আসতে পারে বলেও সতর্ক করেন জামায়াত আমির।

ভোটকেন্দ্র দখলের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেওয়া হবে।” একই সঙ্গে ভোটারদের সতর্ক পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনসভায় ডা. শফিকুর রহমান আরও ঘোষণা দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করে দেশসেবার সুযোগ পেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করা হবে।

নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের স্থিতিশীলতার একমাত্র পথ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা