সর্বশেষ

সুবিধাবঞ্চিত শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ : কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

DCV Desk

সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঝরে পড়া শিশুদেরকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। এসকল শিশুদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় চাহিদা ও করণীয় বিষয় নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে যেন তারা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে।
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরো’র পরিচালক (নিবন্ধন ও অডিট) যুগ্ম সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি একথা বলেন।
তিনি আরও বলেন, এই প্রজেক্টগুলো সাফল্যমণ্ডিত করতে সরকার ও এনজিওগুলোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। তিনি শিশুদের শিক্ষার প্রতি মনোনিবেশ বাড়াতে ’মিড ডে মিল’-এর মতো আরও কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান।
ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের শুরু থেকে এগোতে হবে যেন মাঝপথে এসে ছিন্ন মূল শিশুরা আবার ঝরে না যায়। তাই খাবার, স্কুলের ড্রেস, টিফিন সিস্টেম সহ আরো যেসব পরিকল্পনা রযেছে সেগুলো নিয়ে শিক্ষকদের ব্যবস্থা করতে আহবান জানান।
স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান। কাপ-আপ (ফেইজ-২) শিক্ষা প্রকল্পের উপর উপস্থাপনা করেন শিক্ষা ও টিভিইটি সেক্টরের যুগ্ম পরিচালক ও কাপ-আপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। তিনি জানান যে, প্রকল্পটি ঢাকার মিরপুর, মোহাম্মাদপুর ও নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানে কাজ করবে। ইতোমধ্যে প্রকল্পটি ১৯৫টি লার্নিং সেন্টারের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রেখেছে।
ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ (ফেইজ-২) শিক্ষা প্রকল্প আয়োজিত এই অবহিতকরণ সভায় বক্তারা জানান, সুবিধাবঞ্চিত বস্তি-এলাকার ৩০,১০৫ স্কুল বহির্ভূত শিশুদের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অভিগম্যতা নিশ্চিত ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে।
ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কাপ-আইএসডিবির বাংলাদেশ কান্ট্রি কোঅরডিনেটর আরিফ সাহিদ ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট (প্রোগ্রামস) ড. এস এম খলিলুর রহমান।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদপুর থানার মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, পল্লবী থানার মাধ্যমিক শিক্ষা অফিসার ফারজানা শারমিন এবং বিভিন্ন সিএলসির সভাপতিসহ আরো অনেকে। এর পাশাপাশি স্কুল বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষায় অভিগম্যতা নিশ্চিত, মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ইত্যাদি কারিগরি দিক নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, শিক্ষাকর্মী এবং অভিভাবকগণ তাদের মতামত তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ-আপ (ফেইজ-২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম, মনিটরিং এন্ড ইভালুয়েশন কোঅর্ডিনেটর শেখ শফিকুর রহমান ও ডামের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শিক্ষা উৎসাহী ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের কাপ-আপ (ফেইজ-২) দাতা সংস্থা কিং আবদুল্লাহ হিউম্যানেটিরিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পটি ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে যাত্রা শুরু করেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা