চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন । এ ঘটনায় অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন । সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘি এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী নয়ন কর্মকার (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)। তাঁদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারয়ালছড়ি ইউনিয়নের ৬নং ওর্য়াডের হাজারিখিল রাঙ্গাপানি চা বাগান এলাকার উড়াং পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দুটি বাস যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে পেলাগাজী দিঘি এলাকায় বাস দুটির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫-২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য সঞ্জয় ত্রিপুরা বলেন, নিহতরা সবাই আমার এলাকার বাসিন্ধা। আহত কিনা কুমার এিপুরা চমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান । নাজিরহাট হাইওয়ে থানা ওসি সাহাব উদ্দিন জানান- সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে হতাহতের খবর নেন ফটিকছড়ি আসনে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। এসময় সরোয়ার আলমগীর নিহত পরিবারের প্রতি সমবেদনাসহ নগদ অর্থ প্রদানের ঘোষনা দেন। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


