সর্বশেষ

গোমস্তাপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ফুহাদ আলী, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৫) অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গোমস্তাপুর বাজারের একটি স-মিলের পাশের বাঁশঝাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর ঘোনটোলা গ্রামের মো. ইলিয়াস আলীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং একই ইউনিয়নের বিশ্বনাথপুর মুন্সিটোলা গ্রামের মো. লুটু আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (২৫)।

র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোমস্তাপুর বাজারের জনৈক আসাদুজ্জামানের স-মিলের দক্ষিণ-পশ্চিম পাশে বাঁশঝাড়ের নিচে কতিপয় ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
​সংবাদের সত্যতা যাচাইয়ে দুপুর ২টা ১০ মিনিটের দিকে র‍্যাবের দলটি সেখানে আকস্মিক অভিযান চালিয়ে জাকির ও শহিদুলকে আটক করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ১নং আসামি জাকির হোসেনের পিঠে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুপুর ২টা ৪০ মিনিটে উদ্ধারকৃত মাদক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

র‍্যাব-৫ আরও জানায়, অপরাধ দমনে র‍্যাবের এই অগ্রণী ভূমিকা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা