সর্বশেষ

রাউজানে ১১ ঘণ্টায় অপহৃত শিশু উদ্ধার, খালার প্রাক্তন স্বামীসহ আটক ৩

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে অপহরণের প্রায় ১১ ঘণ্টার মধ্যে তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালার প্রাক্তন স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা ১টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জ্যাখালী গেইট সংলগ্ন নিজ বাসার সামনে গত রবিবার (৯ মার্চ) বিকালে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল নাবিলা আক্তার (৩)। বিকাল আনুমানিক ৩টা ১৭ মিনিটের দিকে সেন্টমার্টিন ক্লাবের পূর্ব পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর শিশুটির পিতা মোঃ আজাদ (৩১) রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-৪৮৮, তারিখ: ৯ মার্চ ২০২৬) করেন। এর কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি পুলিশকে জানানো হলে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।

পরে সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল ওরফে বেচন (৪৫), মোঃ জাহেদ (২৬) ও মুনসুর আলম (৩২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু নাবিলা আক্তারকে উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শিশুটির খালার প্রাক্তন স্বামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় শিশুটির পিতা মোঃ আজাদের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা (নং-৯, তারিখ: ১০ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৮/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা