চট্টগ্রামের রাউজানে হালদার পাড়ে গড়ে উঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে মেসার্স আজমীর অটো ব্রিকস নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই ইটভাটার মালিক শেখ জাহেদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, মেয়াদোত্তীর্ণ জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটা পরিচালনা এবং অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগে আজমির ব্রিকস-কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


