সর্বশেষ

বাঁশখালীতে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে গ্যারেজে পুড়ল অটোরিকশা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে গভীর রাতে এক অগ্নিকাণ্ডে গ্যারেজে রাখা একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া খতিমা পুকুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পারিবার সূত্রে জানা যায়, একই এলাকার মৃত গোলাম বাচুরের পুত্র ব্যবসায়ী মো. ওসমান সওদাগরের বাড়ির গ্যারেজে প্রতিদিনের মতো অটোরিকশা রাখা ছিল। রাত গভীর হলে হঠাৎ গ্যারেজে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্যারেজে থাকা অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অটোরিকশার টায়ারের মধ্যে তেল বা ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের প্রায় এক ঘণ্টা সময় লাগে এবং রাত ৪টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

এ ঘটনায় গ্যারেজে রাখা সিকান্দার নামে এক অসহায় ব্যক্তির অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া গ্যারেজে থাকা বিভিন্ন সরঞ্জামও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ী মোঃ ওসমান সওদাগর দাবি করেন, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওসমান সওদাগর।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা