চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহীদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত শনিবার রাতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, সিপিসি-১, র্যাব-৫-এর একটি আভিযানিক দল শনিবার বিকেল থেকে জেলায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গতকাল রাত ৯টা ২৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের আরামবাগ এলাকার বাতেন খাঁ রোডের মাথায় মাদক কেনাবেচা হচ্ছে।
সংবাদ পাওয়ার পরপরই গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মহানন্দা ব্রিজ অভিমুখী পাকা সড়কের পাশে সন্দেহভাজন হিসেবে মোঃ শহীদকে আটক করা হয়। পরে তল্লাশি চালালে তার হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত মোঃ শহীদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার কল্যাণপুর ১নং ওয়ার্ডের মৃত খাইরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


