চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিমাপে জ্বালানি তেল কম দেয়ার অপরাধে মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধোপপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ধোপপুকুর এলাকায় মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
অভিযানকালে পরিমাপে জ্বালানি তেল কম দেয়ার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুর রহিমকে। বিএসটিআই ও শিবগঞ্জ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।


