ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ৯ দিন স্থগিত থাকার পর আবারও মাঠে ফিরছে আইপিএল। আগামী শনিবার (১৭ মে) থেকে শুরু হবে বাকি ম্যাচগুলো। আর এই প্রত্যাবর্তনের আগেই মিললো চমকে দেওয়া এক খবর। রেকর্ড দামে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের পরিবর্তে মুস্তাফিজকে স্কোয়াডে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লির হয়ে বাকি তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে দলে নিতে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫৪ লাখ টাকা। তবে প্রশ্ন উঠছে—মুস্তাফিজ আদৌ আইপিএলে খেলবেন তো?
কারণ, জাতীয় দলের সঙ্গে মুস্তাফিজ ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন সংযুক্ত আরব আমিরাত সফরে। আগামী ১৭ ও ১৯ মে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন তিনি। এই সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডেও রয়েছেন ফিজ। এরপর সূচি চূড়ান্ত হলে দলটি পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। এদিকে দিল্লির বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ মে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (NOC) না পেলে মুস্তাফিজের আইপিএল খেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ বিষয়ে জানান, “আমাদের কাছে এখনো মুস্তাফিজ বা তার পক্ষ থেকে কেউ কোনো অনাপত্তিপত্র চায়নি। কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। এখন পর্যন্ত আমরা জানি মুস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আমিরাতে যাচ্ছেন।”
এমন পরিস্থিতিতে বিস্ময় প্রকাশ করছেন ক্রিকেটপ্রেমীরা—BCCI বা দিল্লি ক্যাপিটালস বিসিবির সঙ্গে যোগাযোগ না করেই কীভাবে মুস্তাফিজকে নিশ্চিত করল? উল্লেখ্য, চলতি আইপিএলের ড্রাফটে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের প্রতি আগ্রহ দেখায়নি। মুস্তাফিজও ছিলেন উপেক্ষিতদের তালিকায়। তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে অনেক বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট ছেড়ে গেলে তাদের জায়গা পূরণে বিকল্প খুঁজতে বাধ্য হয় দলগুলো, আর সেখানেই সুযোগ পেয়েছেন মুস্তাফিজ।
এর আগেও ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ, যেখানে আট ম্যাচে শিকার করেছিলেন ৮টি উইকেট। আইপিএলে ২০১৬ সাল থেকে প্রায় নিয়মিত মুখ মুস্তাফিজ। তবে এবার শুধু দলে নেওয়ার ঘোষণাই যথেষ্ট নয়, তার মাঠে নামা নির্ভর করছে বিসিবির ছাড়পত্রের ওপর।ক্রিকেটভক্তদের চোখ এখন বিসিবি ও মুস্তাফিজের সিদ্ধান্তের দিকে। আইপিএলে মাঠে ফিরবেন তো কাটার মাস্টার? সময়ই দেবে উত্তর।


