এস এম আরজু, চট্টগ্রাম : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল কার্যক্রম ঈদের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা ব্যতীত সার্বক্ষণিক চালু থাকবে। পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস হাউসও স্বাভাবিক সময়ের মতো খোলা থাকবে বলে জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। একই ধাঁচে কাস্টমস বিভাগ থেকেও ঈদের ছুটির মধ্যেও কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কাস্টমস বিভাগ থেকে আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের সার্বক্ষণিক সহায়তার জন্য ‘রাউন্ড দ্য ক্লক’ হটলাইন চালু করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সহকারী ট্রাফিক ম্যানেজার (শিপ অ্যান্ড ইয়ার্ড) জনাব কামরুল ইসলাম মজুমদারের মোবাইল নম্বর ০১৭১৫-১৬৩৯৯৯ চালু থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের জন্য টার্মিনাল ম্যানেজার মোঃ সাইফুল আলমের মোবাইল নম্বর ০১৮১৯-৩২১৫৬০ ব্যবহার করা যাবে। এই Task Force এর কার্যক্রমে কাস্টমস বিভাগের একজন কর্মকর্তা সার্বক্ষণিক সমন্বয় করবেন।
বিগত কয়েক বছর ধরে ব্যবসায়িক সংগঠনগুলোর অনুরোধে ঈদ উপলক্ষ্যে অধিকাল ভাতায় বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগ করে চট্টগ্রাম বন্দর ২৪x৭ চালু রাখা হলেও, বাস্তবে আমদানিকারকদের পক্ষ থেকে পণ্য ডেলিভারি গ্রহণের হার ছিল কম। এবারের ঈদে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে এ প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকল আমদানিকারক ও ব্যবসায়িক সংগঠনগুলোকে ঈদের ছুটির মধ্যেও স্বাভাবিক সময়ের মতো পণ্য ডেলিভারি কার্যক্রম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে আগত এফসিএল (FCL) কন্টেইনারগুলোর মধ্যে শুধুমাত্র বিজিএমইএ’র কন্টেইনার ব্যতীত অন্যান্য সকল পণ্যবাহী কন্টেইনার ঈদ-উল-আযহার পরবর্তী সময় থেকে পরীক্ষামূলকভাবে দুই মাসের জন্য বিভিন্ন অফডকে স্থানান্তরের মাধ্যমে খালাস দেয়া হবে।
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সকল স্টেকহোল্ডারকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


