নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-ইসরায়েল সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে।
বুধবার (১৮ জুন) লন্ডনভিত্তিক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৭১ ডলার। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৩৫ সেন্ট বা ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৫.১৯ ডলার।
বিশ্লেষকরা বলছেন, এ মূল্যবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হরমুজ প্রণালী। এ প্রণালীর মাধ্যমেই বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। সেখানে সম্ভাব্য সরবরাহ বিঘ্নের আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেন। একইদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণাও দেয়। সংঘাত ইতিমধ্যে ষষ্ঠ দিনে প্রবেশ করেছে।
ইরান হলো ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, যার দৈনিক উৎপাদন প্রায় ৩.৩ মিলিয়ন ব্যারেল। তবে বিশ্লেষকদের মতে, ইরানি তেলের সরবরাহ বন্ধ হলেও ওপেক প্লাস (OPEC+) জোটের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তা সামাল দিতে সক্ষম।
তবে যদি সংঘাত আরও গভীর হয় এবং ইরানের রপ্তানি বড় ধরনের বাধার মুখে পড়ে, তাহলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০ ডলার বৃদ্ধি পেয়েছে, যা বাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।


