সর্বশেষ

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের চার অগ্রাধিকার: বিডা ও বেজা চেয়ারম্যান

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার চারটি অগ্রাধিকার নির্ধারণ করেছে।

রাজধানীর বিনিয়োগ ভবনে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “উচ্চ-প্রভাবসম্পন্ন বিনিয়োগ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ওয়ান-স্টপ সার্ভিস সম্প্রসারণ ও মানোন্নয়ন, বিনিয়োগকারীদের সমস্যার সমাধান এবং বড় বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন তৈরি – এই চারটি প্রধান অগ্রাধিকার নিয়ে কাজ করছে বিডা ও বেজা।”

তিনি আরও বলেন, “যদিও বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন, তবুও আমরা বিনিয়োগের গতি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ ও লাভজনক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ সফলভাবে সম্পন্ন :

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আশিক চৌধুরী জানান, “সরকার পরিকল্পিত লক্ষ্যের চেয়েও বেশি সফল হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী ও অংশীজনদের কাছ থেকে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি।”

তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, উৎপাদন, অবকাঠামো ও স্বাস্থ্যসেবায় বহু বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করেছেন। সামিটটি প্রমাণ করেছে, বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল ও নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্য হিসেবে দেখে।”

চার দিনব্যাপী এই সামিট ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে ৫০টি দেশের ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশ নেন এবং প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা সমমূল্যের বিনিয়োগ প্রস্তাব আসে। আরও বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

নতুন বিনিয়োগের জন্য শক্তিশালী পাইপলাইন ও পার্সোনালাইজড সহায়তা :

বিডা প্রধান জানান, “এই সামিটের মাধ্যমে আমরা সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ ও বিশ্বমানের অবকাঠামো গঠনের প্রচেষ্টা তুলে ধরতে সক্ষম হয়েছি। এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।”

তিনি আরও বলেন, “আমরা অংশগ্রহণকারীদের একটি বিস্তৃত ডেটাবেজ তৈরি করেছি এবং তাদের বিনিয়োগ চক্র অনুযায়ী পার্সোনালাইজড সহায়তা দিচ্ছি। বিনিয়োগকারীদের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে আমরা পাশে থাকতে চাই।”

নীতিগত পরামর্শ গুরুত্বসহ বিবেচনা :

বিনিয়োগকারীদের নীতিগত পরামর্শ প্রসঙ্গে আশিক মাহমুদ বলেন, “আমাদের দৃষ্টিতে বিনিয়োগকারীরা কেবল ব্যবসায়িক অংশীদার নয়, বরং উন্নয়নের অংশীদার। তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিটের প্রতিটি সেশনের মতামত সতর্কভাবে নথিভুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, সামিটে আলোচিত বিষয়গুলো সরকারের অগ্রাধিকার খাত যেমন নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রবৃদ্ধি, ডিজিটাল অর্থনীতি, টেকসই টেক্সটাইল, স্বাস্থ্যসেবা, ও কৃষিপণ্য প্রক্রিয়াকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। “আমরা এসব খাতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে চাই,” যোগ করেন তিনি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা