সর্বশেষ

সোশ্যাল বিজনেস ডে-২০২৫ উদ্বোধন : বিশ্ব বদলাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, অধ্যাপক ইউনূস

নিউজ ডেস্ক : বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “পৃথিবীকে বদলাতে হলে সব জাতিকে এগিয়ে আসতে হবে। সবাইকে অংশ নিতে হবে। ধ্বংসের মুখ থেকে রক্ষা পেতে হলে এখনই সঠিক পথ বেছে নিতে হবে।”

শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, “সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের মতো। বিগত সরকার এই দিবস পালনে আপত্তি জানালেও এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো বাংলাদেশে এই দিনটি উদযাপন করা সম্ভব হলো।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সামাজিক ব্যবসা হতে পারে একমাত্র কার্যকর উপায়। এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’। এই আয়োজনের মাধ্যমে আমরা বৈষম্য, সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ খুঁজে পেতে চাই।”

শিক্ষা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যেকোনো শিক্ষা ব্যবস্থার ভিত্তি হওয়া উচিত স্বপ্ন দেখার অনুপ্রেরণা। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাতে হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সেই নতুন সভ্যতা গড়ার কাজেই সহায়তা করবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “স্বপ্ন না দেখলে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব নয়। আমরা বিষণ্ন পৃথিবী চাই না, চাই একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব।”

উল্লেখ্য, দুদিনব্যাপী এই আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। এতে ২৫ টিরও বেশি দেশ থেকে ১৮০ জনেরও অধিক বিদেশিসহ সহস্রাধিক অংশগ্রহণকারী উপস্থিত রয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা