নিউজ ডেস্ক : দীর্ঘ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে দেখা গেছে, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিয়মিতভাবে অফিস করছেন।
গত ১২ মে থেকে এনবিআরে চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে দেশের রাজস্ব আদায় কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছিল। এ সময় সাধারণ করদাতা ও ব্যবসায়ীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
রবিবার (২৯ জুন) রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের আমদানি-রপ্তানি, সরবরাহ ব্যবস্থা সচল রাখা, অর্থনীতির বৃহত্তর স্বার্থ এবং জনগণের ভোগান্তি বিবেচনায় নিয়ে কমপ্লিট শাটডাউনসহ সকল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
অপরদিকে, এখনও রাজস্ব ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে, যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। সোমবার সকালেই এনবিআর চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান নিজ দপ্তরে উপস্থিত হন বলে জানা গেছে।
এদিকে এনবিআরের ছয় শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষ থেকে রোববার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআরের কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন। করদাতা ও কর্মকর্তাদের এই যোগসাজশে রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব হারানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম জানান, কর ফাঁকি দেওয়া প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন।এনবিআরের চলমান অচলাবস্থা অবসানে সংশ্লিষ্ট মহল স্বস্তি প্রকাশ করলেও, প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মত দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা।


