সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু, কাস্টমস কর্মসূচি প্রত্যাহার

নিউজ ডেস্ক : দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দরে আজ সোমবার সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহারের পর বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শুরু হলেও আজ থেকে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। বর্তমানে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো এবং বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার এনে জাহাজে তুলে দেওয়ার কাজ চলছে। সেই সঙ্গে কাস্টমস কার্যক্রম চালু হওয়ায় বন্দরে খালাসকাজও শুরু হয়েছে।

উল্লেখ্য, এনবিআর বিলুপ্তির প্রতিবাদে গত ১৪ মে থেকে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেন। এতে শুল্কায়ন ও পরীক্ষাসহ সব ধরনের কাস্টম কার্যক্রম বন্ধ ছিল, ফলে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৩ হাজার টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার আটকে পড়ে। এ সময় নতুন কোনো আমদানি পণ্য খালাস হয়নি এবং রপ্তানির জন্য কনটেইনারও ডিপো থেকে বন্দরে আনা যায়নি।

চট্টগ্রাম বন্দর সচিব মোঃ ওমর ফারুক বলেন, “কাস্টমসের কর্মসূচির কারণে বন্দরের কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। ফলে বন্দরে কনটেইনারজট সৃষ্টি হয়েছে। তবে এখন কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জট কমিয়ে আনার কাজ দ্রুত চলছে।”

ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর গতকাল রাতে কাস্টমস কর্মকর্তারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর পরপরই দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম ধাপে ধাপে শুরু হয়।

বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থার কারণে দেশের আমদানি-রপ্তানি খাতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন বাণিজ্যিক কর্মকাণ্ডে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা