নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তি তাদের রুখতে পারে না।” মঙ্গলবার (১ জুলাই) জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসেই শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে রূপ নেয় এবং আমাদের মুক্তির স্বাদ এনে দেয়।”
তিনি আরও বলেন, “আমরা ১৬ বছর পর অভ্যুত্থানের মাধ্যমে একটি বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম। যে লক্ষ্য সামনে রেখে অভ্যুত্থান ঘটেছিল, তাৎক্ষণিকভাবে তা অর্জিত হয়েছে। তবে তার পেছনে ছিল এক বৃহৎ স্বপ্ন একটি নতুন রাষ্ট্রব্যবস্থা ও একটি নতুন বাংলাদেশ গঠন।”
প্রধান উপদেষ্টা ঘোষণাও দেন, “আমরা প্রতি বছর এই সময়টিকে উদযাপন করব, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের চিহ্ন প্রকাশ পাওয়ার আগেই যেন আমরা তা রুখে দিতে পারি।”
অনুষ্ঠানে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন গণআন্দোলনে অংশগ্রহণকারী সব শ্রেণি-পেশার মানুষকে তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালকসহ দেশপ্রেমিক জনগণকে।
ড. ইউনূস বলেন, সামনের পথ কঠিন, তবে সম্ভাবনায় ভরপুর। ইতিহাস প্রমাণ করে, জনগণ জেগে উঠলে কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না।


