সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার খবর, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
শুক্রবার (৪ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৭ জন, ঢাকার বাইরের জেলাগুলোর হাসপাতালে ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১ হাজার ৬৬০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ জন। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী।
স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


