দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, একই সময়ের মধ্যে ৪২৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল জেলায় সংখ্যা ১২০ জন। এর পরই রয়েছে চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা মহানগরীতে ৮৮ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৩৬ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ১ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার ১৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের।
পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গু ছিল সবচেয়ে প্রাণঘাতী—সেই বছরে মারা যান ১,৭০৫ জন এবং আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মশা জন্মায় এমন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।


