সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমে ৬৮.৪৫ শতাংশ

ডিসিবি নিউজ ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ, এবার পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। এই বোর্ডগুলো হলো ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

ফল প্রকাশ উপলক্ষে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি জানান, এ বছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ, এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।

ফলাফল যেভাবে জানা যাবে:

ফলাফল তিনটি পদ্ধতিতে জানা যাবে,

১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে:

www.educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

৩. মোবাইল এসএমএসে:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল

উদাহরণ: SSC DHA 123456 2025

এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

৩. নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে:

শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে গিয়েও ফলাফল জানতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

পুনঃনিরীক্ষণের আবেদন:

ফলাফলে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে আগামীকাল ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এ আবেদন করা যাবে।

মোবাইলে লিখতে হবে, RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড

এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য বিষয় কোড কমা দিয়ে আলাদা করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন, যা পরবর্তীতে আরও বেড়ে যায়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা