ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মিটফোর্ডের মূল ফটকে প্রকাশ্যে সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ড কেবল একজন নাগরিকের জীবনহানিই নয়, এটি বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং নাগরিক নিরাপত্তার বিপর্যয়ের বহিঃপ্রকাশ। প্রকাশ্যে দিবালোকে এমন পৈশাচিক ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করেছে।”
বিএনপি মহাসচিব বলেন, “এই ঘটনার মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা আবারও প্রমাণিত হলো। আমাদের রাজনৈতিক আদর্শে সন্ত্রাস ও বর্বরতার কোনো স্থান নেই। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে যখন জনগণ দেশের কর্তৃত্বহীন ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তখনও এমন নির্মম হত্যাকাণ্ড প্রমাণ করে দুঃশাসনের শিকড় কতটা গভীরে পৌঁছে গেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে এমন বর্বরতা আরও বেড়ে যাবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ, পেশাদার ও বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অপরাধী যেন কোনোভাবেই রেহাই না পায়, সেটাই এখন জাতির প্রত্যাশা।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই নৃশংস ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।


